ডেস্ক রিপোর্ট

৩ ডিসেম্বর ২০২১, ৭:২১ অপরাহ্ণ

ফ্যাসিবাদী সরকার উচ্ছেদে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট টাইম : ডিসেম্বর ৩, ২০২১ ৭:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফ্যাসিবাদী সরকার ও বিদ্যমান ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র নেতৃবৃন্দ।

এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে ১০৪তম মহান অক্টোবর বিপ্লব বার্ষিকীর এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এই আহবান জানান।

পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।

সভায় আলোচনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য কমরেড শামীম ইমাম এবং ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ। সঞ্চালনা করেন কমরেড নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। বাক-ব্যাক্তি স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগণের ন্যুনতম ভোটাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। তারপরও সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেল ও বাসাভাড়া বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়েছে। ছাত্রদের হাফ পাসের দাবি কার্যকরে সরকার গড়িমসি করছে। দারিদ্রতা ও কর্মহীনতা ক্রমাগত বাড়ছে। গরীব ধনী ব্যবধান বেড়েই চলছে। জনগণের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। দেশের এই ভয়াবহ সংকটকালে বক্তাগণ মহান অক্টোবর বিপ্লবের শিক্ষা কাজে লাগিয়ে শ্রমিক কৃষক মধ্যবিত্ত ও মেহনতি জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠার সংগ্রাম জয়যুক্ত করার জন্য কমিউনিস্ট বামপন্থী আন্দোলন এবং শ্রেণী-গণআন্দোলন পুনর্গঠনের মধ্যদিয়ে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন। একইসঙ্গে নেতৃবৃন্দ শ্রমিক কৃষক ও জনজীবনের সংকট থেকে মুক্তির লক্ষ্যে সরকারের বিরূদ্ধে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন