ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ

দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানালো বামজোট

আপডেট টাইম : ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা আজ ৩১ ডিসম্বের ২০২৩ বিকেল ৪টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা জয়দ্বীপ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভার এক প্রস্তাবে দেশের ভয়াবহ সংকটময় রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমান সরকার তার ফ্যাসিবাদী দুঃশাসনকে আরও দীর্ঘায়িত করতে সকল বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদসহ সর্বস্তরের গণতন্ত্রকামী জনগণের মতামতকে উপেক্ষা করে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে আগামী ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।

সকল বিরোধী দলের অংশগ্রহণ ব্যতিরেকে স্বতন্ত্র-ডামি প্রার্থী দাঁড় করিয়ে সাজানো নির্বাচনের প্রতি দেশবাসীর কোনই আগ্রহ বা আকর্ষণ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন সরকার প্রধানসহ সরকারী দলের নেতাকর্মীরা প্রলাপ বকতে শুরু করেছে। ইতিমধ্যে নিজ দলের গঠনতন্ত্র লংঘন করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দলীয় মনোনীত, স্বতন্ত্র, ডামি, ১৪ দল, জাতীয় পার্টির প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ-সংঘাত চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য দুর্ভিক্ষ, গুপ্তহত্যার ষড়যন্ত্র ইত্যাদি নানা মিথ্যাচার করে চলেছে। সরকারের এই একগুয়েমী মনোভাবের ফলে দেশ এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির দিকে যাচ্ছে। যা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য মোটেই সুখকর নয়। এ থেকে উত্তরণের জন্য সভার প্রস্তাবে জনগণের প্রতি এই প্রহসেনর ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন এবং সরকার ও নির্বাচন কমিশনের প্রতি একরফা নির্বাচন যা গণতান্ত্রিক ভবিষ্যতকে ধ্বংস করবে তা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছেন। একই সাথে আওয়ামী সরকারকে পদত্যাগ করে সংবিধানের ১২৩(১)(খ) অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। দেশবাসীকে উক্ত দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় সভা থেকে।

কর্মসূচি সভা থেকে আগামীকাল ১ জানুয়ারি ২০২৪ সকাল ১১টায় পল্টন মোড় থেকে একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি ও গণসংযোগে অংশ নেবেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই প্রচার ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৩ জানুয়ারি উক্ত দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

শেয়ার করুন