ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১৭ অক্টোবর’২৩ বিকেলে আওয়ামী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিত্য পণ্যের দাম কমানোসহ ৫ দফা দাবিতে শহরে পথসভা অনুষ্ঠিত হয়।
শহরের তাজমহল মোড়, নতুনবাজার মোড় এবং ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, সদস্য অজিত দাস, আরিফুল হাসান, তানজিলা ঋতু, বাংলাদেশ যুব ফ্রন্ট এর কেন্দ্রীয় সংগঠক জুয়েল আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি রিফা সাজিদা, সাধারণ সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ।
বক্তারা বলেন- ‘বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের পুঁজিপতি ব্যবসায়ীদের স্বার্থে ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। এই বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী উন্নয়নের নামে, ব্যংক-শেয়ার মার্কেট কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। একইভাবে তারা সিন্ডিকেট করে চাল, তেল, সবজিসহ সকল জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। এভাবে দাম বৃদ্ধি ও লুটপাটের ফলে জনগণের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। আওয়ামীলীগ সরকার এই লুটপাটকারী ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করতে জনগণের উপর দমন-পীড়ন চালাচ্ছে। গুম খুন বিচারবহির্ভূত হত্যা এবং সাইবার সিকিউরিটি এক্টের মত কালাকানুনের মাধ্যমে সরকার জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। ফলে এই সরকারের অধীনে কোনভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’
বক্তারা অবিলম্বে আওয়ামী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশন চালুসহ ৫ দফা দাবি আদায়ে গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান।