ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শাহ আলী থানাধীন রয়্যাল সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই শ্রমিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরের বেড়িবাঁধ–সংলগ্ন রয়্যাল সিটি এলাকায় শ্রমিকেরা একটি পোশাক কারখানার জন্য আনা লোহার পাইপ ট্রাক থেকে নামাচ্ছিলেন। পাইপগুলো ছিল অনেক লম্বা। নামানোর সময় সড়কের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ সঞ্চালনের তারে পাইপ স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। সামান্য আহত হয়েছেন তিনজন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন আহত ব্যক্তিরা।
নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি আমিনুল ইসলাম আরও বলেন, তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।