ডেস্ক রিপোর্ট

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

পশ্চিমারা শেখ হাসিনাকে সরিয়ে তাঁবেদার সরকার আনতে চায়: ইনু

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পশ্চিমারা নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের তাঁবেদার সরকার আনতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের মোড়লদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই না। তারা প্রকাশ্যেই বাংলাদেশবিরোধী শক্তি পাকিস্তানপন্থী জামায়াত-বিএনপিকে আশকারা দিচ্ছে।

আজ শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের তৃতীয় জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক এসব কথা বলেন।

গণতন্ত্রের সংগ্রামের নামে দেশকে চরম দক্ষিণপন্থা, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে জাসদ সভাপতি হাসানুল হক বলেন, এই দেশবিরোধী রাজনীতি রুখে দেওয়ার দায়িত্ব যুবসমাজেরও।

হাসানুল হক ইনু বলেন, দলনিরপেক্ষ সরকারের স্লোগানের আড়ালে শেখ হাসিনাকে উৎখাত করে অসাংবিধানিক সরকার আনার আসল উদ্দেশ্য হলো ছদ্মবেশী জামায়াত-বিএনপি সরকার আনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, সহসভাপতি আফরোজা হক প্রমুখ।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল কবির।

শেয়ার করুন