ডেস্ক রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার দিনব্যাপী এক সভা আজ ২১ সেপ্টেম্বর‘২৩ সংগঠনের রাজা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা সালমান সিদ্দীকী।
সভায় দেশে বিরাজমান আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসন,শিক্ষাঙ্গনের সংকট ও তা নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশে আজ এক অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসগুলিতে যেমন ক্ষমতাসীন ছাত্র সংগঠন দখলদারিত্ব চালাচ্ছে,একই ভাবে দেশে নেই মত প্রকাশের পরিবেশ। জনগণের প্রবল চাপে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে কৌশলে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে। যা মত প্রকাশ বা ভিন্নমত দমনের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। এমনকী,আজ দেশে ন্যূনতম ভোটাধিকার প্রয়োগের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। ক্রমাগত বাড়ছে নিত্যপ্রয়োজনী জিনিসের দাম। একই ভাবে বাড়ছে শিক্ষা উপকরণের মূল্য। হল,হোস্টেল,মেসে বেড়েছে খাবার দাম। নামে বেনামে বাড়ানো হচ্ছে বিভিন্ন ফি। এ অবস্থায় শিক্ষার্থীরা হিমশিম খাচ্ছে। আবার দক্ষতা বৃদ্ধির নাম করে শিক্ষার বিষয়বস্তুকে করা হচ্ছে বাজার মুখী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকটকে নিরসন না করেই আবারও নতুন করে সিলেবাস পরিবর্তনের চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শিক্ষাঙ্গন ও দেশে বিরাজমান পরিস্থিতিতে সংগঠনের কাজ গতিশীল করতে এবং সিলেট অঞ্চলে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার একাদশতম কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সুমিত কান্তি দাস পিনাক’কে আহ্বায়ক এবং বুশরা সুহেল-কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট্য কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠিত হয়। আগামী ৩রা নভেম্বর কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।