ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপুরণ ও শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন সংঘ।
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ নির্ধারণ, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের তালিকা প্রণয়ন করে উপযুক্ত ক্ষতিপুরণ এবং মার্কেটে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। ৫ এপ্রিল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং সাধারণ সম্পাদক রজত বিশ্বাস বলেন রাজধানীর মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারের ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীরা যখন আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসা করার প্রহণ গুণছিলেন তখনই এক ভয়াবহ অগ্নিকান্ডে সব আশা ভরসা ধুলিস্যাত করে দেয়। নজিরবিহীন এই অগ্নিকান্ডের প্রেক্ষিতে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছু দিন আগে সংঘঠিত পাশ্ববর্তী সিদ্দিকবাজারে অগ্নিকান্ডের কারণও উদঘাটন করে দেশবাসীকে জানানো হয়নি। আবার রাজধানীতে একের পর এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হলেও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকারের কার্যকর পদক্ষেপ নেই। বিগত সময়ে দেখা গেছে বিভিন্ন বস্তি ও মার্কেটে অগ্নিকান্ডের পর বস্তি ও মার্কেট বেদখল হয়ে যায়। ফলে এই অগ্নিকান্ডে ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেলেও তাদের নিজ নিজ দোকানের দখল রাখতে পারবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে রয়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। পাশাপাশি সমস্ত পুঁজি ও সহায়-সম্বল হারিয়ে কি করে নতুন ব্যবসা শুরু করবেন তা নিয়ে রয়েছে তাদের হতাশা ও দুঃশ্চিন্তা। বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার দোকানে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী নিয়োজিত ছিলেন। অগ্নিকান্ডে যেমন তাদের অনেকে আহত হয়েছেন তেমনি ঈদের আগে তাদের বকেয়া বেতন ও বোনাস নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নেতৃবৃন্দ বিচারী বিভাগীয় তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের তালিকা প্রণয়ন করে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান, নতুন মার্কেট নির্মাণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উন্মুক্ত স্থানে ব্যবসা করার সুযোগ প্রদান, একই স্থানে বঙ্গবাজার নামে মার্কেট পুণঃনির্মাণ করে পূর্বোক্তদের পূর্বের ভাড়া অনুযায়ী দোকান বরাদ্দ দেওয়া এবং অগ্নিকান্ড নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের দাবি জানান।