ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

বামপন্থীদের উত্থান ছাড়া বর্তমান দুঃসহ অবস্থার পরিবর্তন সম্ভব নয়: মনজুরুল আহসান

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বুর্জোয়া রাজনীতির বেড়াজাল ভেঙ্গে বামপন্থীদের নেতৃত্বে বিকল্প রাজনৈতিক ও গণশক্তির সচেতন ও সংগঠিত উত্থান ছাড়া বর্তমান দুঃসহ অবস্থার মৌলিক ও স্থায়ী কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি সুস্পস্টভাবে একথাও প্রমাণ করছে যে, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী বিশ্বায়নই আজ সকল জাতির ও মানব সমাজের দুর্দশার মূল কারণ এবং একমাত্র সমাজতন্ত্রের পথ ধরেই এই সংকট থেকে মুক্তি সম্ভব।

শোষিত জনগণের অধিকার আদায়ে নিবেদিত লড়াই সংগ্রামের পরীক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি সিলেট জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সিপিবি সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও আলোচনাপর্বে বক্তব্য রাখেন সিপিবি বিয়ানীবাজার উপজেলার পক্ষে অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, শাহপরাণ থানা শাখার সম্পাদক তুহিন কান্তি ধর, জালালাবাদ থানা শাখার সম্পাদক চয়ন দেব, উদীচীর জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, খেলাঘর এর জেলা সভাপতি অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, যুব ইউনিয়ন এর জেলা সম্পাদক নিরঞ্জন দাস, ছাত্র ইউনিয়ন নেতা মাশরুখ জলিল ও সন্দীপ দে প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, কবি তুষার কর, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকন্দর আলী, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, বাসদ (মার্ক্সবাদী) এর জেলা আহবায়ক উজ্জ্বল রায়, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাসদ এর সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সভাপতি দয়াময় কুমার দে, উদীচী সিলেট জেলার সহ-সভাপতি রতন দেব, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, খেলাঘর এর সাধারণ সম্পাদক তপন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড মনজুরুল আহসান খান বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ কমিউনিস্টদের ইতিহাস হলো হার না মানা লড়াই সংগ্রামের ইতিহাস। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আত্মত্যাগের ইতিহাস। এই সময়ে পার্টির ইতিহাস হলো পূর্ব পাকিস্তানের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক কৃষক ছাত্র যুবকসহ মেহনতি মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সাহসী লড়াইয়ের ইতিহাস। এই সময়ে পার্টি মহান ভাষা আন্দোলন, ঐতিহাসিক টঙ্ক আন্দোলন, তে-ভাগার সংগ্রাম, নানকার প্রথাবিরোধী আন্দোলন, ’৬২-র ছাত্র আন্দোলন, ১১ দফার আন্দোলন ও ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা পরবর্তি সময়ে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনসহ মেহনতি মানুষের মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে যে পচন ও অবক্ষয় দেখা দিয়েছে, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন ছাড়া অন্য কোনো কিছু দিয়েই সেই সংকট নিরসন করা যাবে না।

তিনি বলেন, কমিউনিস্ট ও বামপন্থীদের সামনে আজ বিপ্লবী রূপান্তর সাধনের সুবিশাল কঠিন দায়িত্ব উপস্থিত হয়েছে। বর্তমান সংকট থেকে পরিত্রাণের জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে সমাজের বিপ্লবী রূপান্তর সাধনের এ লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আলোচনাপর্ব শেষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন