ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমাপনী অনুষ্ঠানে দর্শকদের জন্য চমক থাকছে, সেটা জানা গিয়েছিল আগেই। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক টিকিটেই খেলার সঙ্গে কনসার্ট উপভোগ করার সুযোগ পেয়েছেন দর্শকরা।
সিলেট স্ট্রাইকার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তার আগে চলছে বিকেল সমাপনী অনুষ্ঠান। বেলা সাড়ে তিনটায় মঞ্চে পারফর্ম করেছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং মাকসুদ (ঢাকা)।
বিকেল পাঁচটা নাগাদ মঞ্চে উঠেছেন নগর বাউলখ্যাত রকস্টার জেমস। ‘কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না…’ গান দিয়ে শুরু করেন জেমস। তার দরাজ কণ্ঠে বিমোহিত দর্শকরা নেচে গেয়ে উপভোগ করছেন সময়টা।
এবারের বিপিএলের সাংস্কৃতিক আয়োজনে বিদেশি শিল্পীদের রাখা হয়নি। বিশ্বজুড়ে আর্থিক মন্দার এই সময়ে সেটা করা সমীচীন হবে না বলেই মনে করছে বিসিবি।
ফাইনালে শেষ হওয়ার পর দেখা যাবে আতশবাজির ঝলকানি। সঙ্গে থাকছে বিম শো। পুরস্কার বিতরণের পর শুরু হবে বিম শো।