ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বিএনপির নেতা-কর্মী আটক 

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে থানার কাজির দেউরি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সমা‌বেশ চলছিল। এতে মিছিল সহকারে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দিচ্ছিলেন। একটি মিছিল কাজির দেউরি মোড় থেকে সমাবেশের দিকে যাচ্ছিল। ওই মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন বিএনপির নেতা-কর্মীরা। একইসঙ্গে কাজির দেউরি মোড়ে অবস্থিত নগর পুলিশের সার্ভিস সেন্টার ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন