ডেস্ক রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি: গণতান্ত্রিক অধিকার হরণ, সভা-সমাবেশে বাধাদান, হামলা-গায়েবী মামলা-গণগ্রেফতার বন্ধ, রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ দিবসে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল।
চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ ও জোটের সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা,বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, সিপিবি সহকারী সম্পাদক নুরুচ্ছাফা ভূইয়া, বাসদ( মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য জাহেদুন্নবী কনক। সভা পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য রায়হান উদ্দীন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীনতা, ভ্যাট-ট্যাক্সের বোঝা, বৈদেশিক মুদ্রার সংকটে জনগনের জীবন এখন দুর্বিষহ। এমন সময়ে নির্বিচারে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর গ্রেপ্তার-নিপীড়নের মাধ্যমে সরকারের স্বৈরাচারী চেহারা আরো একবার জনগনের সামনে উন্মোচিত হল। সভা-সমাবেশের সাংবিধানিক অধিকারের নুন্যতম তোয়াক্কা না করে সরকার বিরোধী মত দমনের যে পথ বেছে নিয়েছে তা চরম হীনমন্যতার পরিচয়।
স্বাধীনতার ৫১ বছরে যেখানে দেশে সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সকল বিরোধী মতের দমন। মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ সরকার যে ইট পাথরের উন্নয়ন করছে তাতে দেশের ওপরের ৫ শতাংশ জনগনের উন্নয়ন হচ্ছে ঠিক, কিন্তু ৯৫ ভাগ মানুষের জীবন বিপন্ন। দেশের জনগনের মৌলিক চাহিদা যেখানে পুরণ হচ্ছে না সেখানে ব্রীজ-ফ্লাইওভার-মেট্রোরেল নিছক অলঙ্কার।
বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও অবিলম্বে রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।