ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২২, ১০:৫২ অপরাহ্ণ

বিএনপির নাশকতার ছকেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর আঘাত: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একজন উদার মনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্তমত চর্চা করেন। স্বাধীনতার সপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ছাত্রদলের ইন্ধনেই তাঁর ওপরে হামলা হয়েছে এবং ছাত্রদলের চারজন গ্রেপ্তার হয়েছে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার বিকেলে বিএনপির সমাবেশ চলাকালে সেখানকার রাস্তায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) ওপর হামলা হয়। গাড়িতে হামলা চালিয়ে দেহরক্ষী ও তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শামসুদ্দিন চৌধুরী। তাঁর ওপর হামলার ঘটনার মামলায় গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া বিএনপির ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা–কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হাছান মাহমুদ এ হামলা নিয়ে বলেন, ‘এতে এটিই প্রমাণিত হয় যে আমরা যে বলে আসছি—বিএনপি সারা দেশে নাশকতার ছক এঁকেছে, সেটি সত্য। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটির বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এ ধরনের আরও হামলার পরিকল্পনা করেছে। তাদের ছত্রচ্ছায়ায় যে অপশক্তি জঙ্গিগোষ্ঠী আছে, তারা এগুলো করছে। এ জন্য বারবার আমরা দেশবাসীকে সতর্ক করেছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ অপশক্তিকে রুখতে হবে।’

শেয়ার করুন