ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ

তারেক ও ফখরুলের নির্দেশে বিচারপতি মানিকের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চ

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলায় জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৩রা নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এর ওপর বিএনপি-জামাতের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল পল্টনে বিএনপির মিছিল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিচারপতি মানিকের ওপর এই নগ্ন হামলা চালানো হয়েছে। বিএনপির সন্ত্রাসী হামলায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গানম্যানও আহত হয়েছেন। গতকালের এই ঘটনা প্রমাণ করে যে, স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর বিএনপি-জামাত রাজনৈতিক মাঠে দেউলিয়া হয়ে এখন সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের আইএসআইয়ের গুপ্তচর অবৈধ স্বৈরশাসক খুনী জিয়ার তৈরীকৃত দল জনবিচ্ছিন্ন বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের ন্যায় চোরাগোপ্তা হামলা চালিয়ে আবার দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। এদেরকে রুখে দিতে খুব শীঘ্রই মাঠে নামবে মুক্তিযুদ্ধ মঞ্চ।”

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ন্যাক্কারজনক হামলার মাধ্যমে বিএনপি নামক সন্ত্রাসী দল তাদের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। এরা কখনোই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না। দেশের জনগণকে জিম্মি করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টা করছে। বিদেশে পলাতক আসামী তারেক জিয়া ও মির্জা ফখরুলের নির্দেশে বিএনপি-জামাতের ক্যাডাররা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করেছে। এই সন্ত্রাসী হামলার নির্দেশদাতা মির্জা ফখরুল আলমগীরকেও দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন,”রাজনৈতিক দলের লেবাশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদী কর্মকাণ্ডের অপরাধে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের ন্যায় বিএনপিকে নিষিদ্ধ করা এখন জনদাবিতে পরিণত হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে প্রয়োজনে আবার একাত্তরের ন্যায় যুদ্ধ করে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতকে শক্ত হাতে দমন করতে মাঠে নামবে বীর মুক্তিযোদ্ধারা। প্রশাসনের নিকট আহবান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর অতর্কিত হামলাকারী বিএনপি-জামাতের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলার মদদদাতা মির্জা ফখরুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”

শেয়ার করুন