ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২২, ৮:৩০ অপরাহ্ণ

স্কুলছাত্রী হত্যায় শাস্তি চায় মহিলা পরিষদ

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকার সাভারের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহিলা পরিষদ। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার শিকার রত্না সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

কয়েক দিন আগে রত্না স্থানীয় দোকানদার জালালের দোকানে পণ্য কিনতে যায়। সেসময় সেখানে জালালের অনৈতিক সম্পর্ক নিয়ে তার স্ত্রী লাইলি বেগমের সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ওই দম্পতি রত্নাকে দায়ী করতে থাকে। রত্না বিষয়টি অস্বীকার করায় তারা তাকে বেধড়ক মারধর করে। এতে রত্না মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রত্না মারা যায়।

মহিলা পরিষদ স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান সংগঠনটি।

সেইসঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা ও সামাজিক অনাচারের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট অনুরোধ জানান মহিলা পরিষদ।

শেয়ার করুন