ডেস্ক রিপোর্ট
৫ জুলাই ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পর আরো একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯।
জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেওয়ালের নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাঁড়গোড় দেখতে পান ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার ঘণ্টা দু-একের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই ডিপো থেকে ৪৮ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল। সোমবার উদ্ধার হলো আরও একজনের মরদেহ। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।