ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২২, ১২:০৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: নড়াইল, সাভারসহ সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতনের প্রতিবাদ, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং সিলেট, সুনামগঞ্জে বন্যাদূর্গত এলাকার শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ,দুর্গত শিক্ষার্থীদের ভাতা প্রদানের দাবিতে আজ বিকেল ৩টায় চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিনা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার,কুয়ারপাড় এলাকার সংগঠক মেহেরাজ রুমেল সহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতন/হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মত প্রকাশের অপরাধে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক নির্যাতনের ঘটনা অসংখ্য। ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষকদের গ্রেপ্তার নির্যাতনের ঘটনা এখন গোটা দেশের সাধারণ চিত্র। এই পরিস্থিতিতে কথিত ধর্ম অনুভূতির আওয়াজ তুলে শিক্ষক নির্যাতনের ঘটনা বাড়ছে।
শিক্ষাঙ্গনে একদিকে উগ্র ক্ষমতাচর্চা, অন্য দিকে সাম্প্রদায়িকতা ছড়িয়ে ফ্যাসিবাদের পরিপূরক মনন গড়া তোলার চেষ্টা চলছে। এর প্রভাবে হিসাবে ছাত্রদের মধ্যেও সাম্প্রদায়িক উগ্রতা ও ক্ষমতাকেন্দ্রিক আগ্রাসন বেড়েছে। যার নির্মম বলি শিক্ষক উৎপল কুমার। পুলিশের উপস্থিতিতে ধর্মীয় সাম্প্রদায়িকতার নামে শিক্ষকের গলায় জুতার মালা পরানো কার্যত রাষ্ট্রীয় ফ্যাসিবাদের স্পষ্ট প্রতিচ্ছবি। এই পরিস্থিতিতে রাষ্ট্র একজন শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বানভাসি মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে পারে না। কিন্তু পদ্মা সেতুর অব্যবস্থাপনা ঢাকতে পূর্ণ প্রশাসনিক শক্তি ব্যয় করে।
সমাবেশে শিক্ষক নিপীড়নে জড়িত সকলের দ্রুত বিচার ও বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের বেতন ফি মওকুফের দাবি জানানো হয়।