ডেস্ক রিপোর্ট
৩১ মে ২০২২, ২:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গণসংহতি আন্দোলনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি। মঙ্গলবার (৩১ মে) সকাল সোয়া ১২টায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
গণসংহতি আন্দোলনের নেতৃত্বে দিচ্ছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার সঙ্গে রয়েছেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদক মণ্ডলীর সদস্য জুলকারনাইন, বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাঈন বাবু, দীপক রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান।
গত ২৯ মে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাত দলকে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার দুই দিন পর বিএনপির সঙ্গে গণসংহতি আন্দোলনের এই বৈঠক গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা। আগামী ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার কথা রয়েছে।