ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২২, ২:১৬ অপরাহ্ণ

যানজট : সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না শিক্ষার্থীরা

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নিশাত জাহান। সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়া থেকে ঠিকানা বাসে রওনা করেছেন তিনি। ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা। চানখারপুল নেমে সেখান থেকে রিকশাযোগে ক্যাম্পাসের দিকে যাবেন। কিন্তু নগরীর তীব্র জ্যামের কারণে তা আর সম্ভব হয়নি। হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে সায়েদাবাদ আসতেই থেমে যায় বাস।

নিশাত জাহান বলেন, সবসময় বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করি। কিন্তু আজ মিস হয়ে গেছে। লোকাল বাসে যাওয়া যে কতটা দুর্বিষহ, সেটা বলে বোঝাতে পারব না। আজ মনে হয় না ক্লাস করতে পারব। এর আগেও জ্যামের কারণে অনেক ক্লাস মিস দিতে হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর যানজটে আটকা পড়ে প্রতিদিন আমাদের কত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটির খোঁজ কী কেউ রাখে! ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। কিন্তু এর সমাধান আমরা পাই না।

শুধু নিশাত জাহান নয়, যানজটে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। ১৫-২০ মিনিটের রাস্তায় এক ঘণ্টা আগে বের হয়েও ঠিক সময়ে পৌঁছাতে পারেন না।

তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আসাদুজ্জামান হিমেল। সেগুনবাগিচা থেকে ফার্মগেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সকাল ৯টায়। শাহবাগ ও কারওয়ান বাজারের সিগন্যালে আটকা পড়ে ১০টার ক্লাস করতে পারেননি তিনি।

হিমেল বলেন, শহরটি দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। বাসগুলো যদি প্রতিটি স্টপেজে থামে, তারপরও শাহবাগ থেকে ফার্মগেট যেতে ১০ থেকে ১৫ মিনিটের বেশি লাগার কথা না। কিন্তু যানজটের কারণে সেখানে সময় লাগছে প্রায় এক ঘণ্টা, কখনো তার চেয়েও বেশি।

শেয়ার করুন