ডেস্ক রিপোর্ট
১ মে ২০২২, ৫:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় গতকাল শনিবার থেকে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। জিএম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড নামের কারখানাটির কারখানার ভেতরেই রাত যাপন করেছেন তারা।
শ্রমিকেরা বলেন, গতকাল দুপুরের পর এপ্রিলের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। আগের দিন তারা ঈদ উপলক্ষে নিজেদের বাড়ির মতো করে কারখানার ভেতরে রঙিন কাগজ দিয়ে সাজিয়েছিলেন। গতকাল সকালে তারা কারখানায় সেজেগুজে কাজে যোগ দেন।
কিন্তু কিছু ওঠার আগেই দুপুরে কারখানার কর্মকর্তারা বেতন-বোনাস না দিয়ে একে একে গা ঢাকা দেন। দুপুরের পর শ্রমিকেরা যখন বেতন-বোনাসের জন্য অপেক্ষায়, একপর্যায়ে তারা জানতে পারেন, পাওনা দেওয়ার মতো কর্মকর্তাদের কেউ নেই। এতে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকেরা আরও জানান, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন-বোনাস না পেয়ে তারা দোকান থেকে বিস্কুট-পানি খেয়ে ইফতার করেন। সেখানেই রাত যাপন করেন। পানি ও শুকনা খাবার খেয়ে তারা রোজা রাখেন।
শ্রমিক আসমা বলেন, ‘বেতন-বোনাস নিয়ে গ্রামে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করব, কিন্তু এখন পর্যন্ত বেতন–বোনাস পাইনি।’
কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, কারখানায় অর্থসংকটের কারণে সাবলেটে কাজ করিয়ে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু এবার ঈদের আগে ব্যাংকিং সমস্যার কারণে টাকা তুলতে না পারায় কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারেনি।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরাও মালিককে খুঁজছি। কারখানা–সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, বিকেলের মধ্যে বেতনের ব্যবস্থা করা যাবে।’
গতকাল রাতে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সরবরাহকৃত পরিসংখ্যান থেকে জানা যায়, গাজীপুরে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএসহ ৩৭টি বিভিন্ন কারখানায় এপ্রিলের ১৫ দিনের বেতন এবং ২৮টি কারখানায় ঈদের বোনাস বকেয়া রয়েছে।