ডেস্ক রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার বিষয়ে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সিইসি কাজী হাবিবুল আউয়ালকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। কিন্তু নির্বাচন কমিশন এক পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে তাদের অবহিত করে। পরে এ বিষয়ে করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট ২০১৯ সালের ১১ এপ্রিল রুল মঞ্জুর করেন রায় দেন। সেই রায় ও আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।
কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে এবিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পরবর্তীতে গেল বছরের ১০ অক্টোবর এ বিষয়ে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। সে নোটিশ পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
আগের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সময় এই আবেদনটি করা হলেও গেল ১৪ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়। এরপরই নতুন সিইসি হিসেবে কাজী হাবিবুল আউয়াল নিয়োগ পান। একারণে আবেদনটি সংশোধন করা হয়।