ডেস্ক রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ

পাঁচ জেলার ৮ ইউপি’তে ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ জেলার আট ইউনিয়ন পরিষদে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

ইউনিয়ন পরিষদগুলো হলো- ঢাকার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈরের শ্রীফলতলী, ভোলার লালমোহনের বদরপুর, ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর এবং নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার চারটি ইউনিয়ন। সবগুলো ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।

নির্বাচন ‍সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চলমান ইউপি নির্বাচনে এরইমধ্যে সাত ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৫ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রথম ধাপে গত বছরের ২১শে জুন ২০৪টি ইউনিয়নে এবং ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে আরও ১ হাজার ৪টি ইউপি এবং ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হয়।

পরবর্তীতে চলতি বছরের ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সবশেষ গেল ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন