ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ

ইসি গঠন: সার্চ কমিটির প্রজ্ঞাপন হতে পারে মঙ্গলবার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার (ইসি) নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন হতে পারে মঙ্গলবার। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবেন।

কমিটির সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল ও রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিক।

রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আইন অনুযায়ী সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত আইনটি সংসদে পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে সরকারি গেজেট আকারে আইনটি প্রকাশিত হয়েছে। নতুন আইনের ভিত্তিতেই রাষ্ট্রপতি সিইসি ও ইসিদের নিয়োগ দিতে অনুসন্ধান কমিটি গঠন করবেন। আগের দুইবার অনুসন্ধান কমিটি তাদের কাজ সম্পন্ন করার জন্য ১০ দিন সময় পেলেও নতুন আইনে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আগের দুইবারের মতোই অনুসন্ধান কমিটি প্রতিটি পদের বিপরীতে দুইজনের নাম সুপারিশ করবে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকেই সর্বোচ্চ পাঁচজনকে নিয়োগ দেবেন।

এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির তৈরি তালিকা থেকেই কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার এবং মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। ওই কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

শেয়ার করুন