ডেস্ক রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ১১:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অবসরপ্রাপ্ত রেভিনিউ সুপারভাইজার মো. আব্দুল খালেক ও তার ছেলে হোসেন আলী আশরাফুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দুই কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির এই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির দুদকের সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত আদালতে চার্জশিট দাখিল করবেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত রেভিনিউ সুপারভাইজার মো. আব্দুল খালেক ও তার ছেলে হোসেন আলী আশরাফুলের নামে তিন কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকার সম্পদের খোঁজ পায় দুদক।
প্রাপ্ত সম্পদের মধ্যে সঞ্চয় ও আয় মিলিয়ে ৯২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকার বৈধ উৎস পাওয়া গেছে। অর্থ্যাৎ দুই কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। অন্যদিকে এই কর্মকর্তা এক কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩৬১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের তদন্তে বেরিয়ে আসে।
সূত্র আরও জানায়, মো. আব্দুল খালেক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা আড়াল করার জন্য ছেলে হোসেন আলী আশরাফুলের নামে স্থানান্তর ও হস্তান্তর করেছেন। দুদকের তদন্তে তার ছেলের নামে রাজধানীর উত্তর বাড্ডায় আলীর মোড়ে ছয় তলা বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরাধ আইনে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।