ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণ, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ৯:২৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ও হোটেল ম্যানেজার মোহাম্মদ শাহীনকে।

গত ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী বাড়ি ফেরার সময় আশিকসহ ৩ থেকে ৪ জন যুবক জোর করে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তাকে মমস্ গেস্ট হাউজে নিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই ভুক্তভোগী ছাত্রী জানিয়েছে, গেল ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। পরে ১৫ই ডিসেম্বর রাতে একটি গাড়ীতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়া হয়।

এরপর কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি। ১৮ই ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনসহ নয়জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলার পর উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

এদিকে অভিযুক্ত আশিকের ভাবি শাহিনা আকতার দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয়।

শেয়ার করুন