ডেস্ক রিপোর্ট

১৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ

পাল্টে যাচ্ছে ঢাকার বাস রুট, চালু হচ্ছে নগর পরিবহণ

আপডেট টাইম : ডিসেম্বর ১৯, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক ::  আগামী ২৬শে ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করছে ‘ঢাকা নগর পরিবহণ’। রাজধানীর বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহণ।

২৬শে ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করছে ‘ঢাকা নগর পরিবহণ’। রবিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

এ সময় বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, বিআরটিসির মেরামত করা ৩০টি এবং ট্রান্সসিলভা কোম্পানির নতুন ২০টি বাস দিয়ে ২৬শে ডিসেম্বর থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা নগর পরিবহণ’। শুরুতে ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুর হলেও পর্যায়ক্রমে বাকি বাসগুলো নামানো হবে। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রতি কিলোমিটার বাসভাড়া ২টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও জানান শেখ ফজলে নূর তাপস।

সভায় দক্ষিণ সিটির মেয়র জানান, রাজধানীতে চলাচলকারী এক হাজার ৬৪৬টি অনুমোদনহীন বাস চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে ২৯টি বাস জব্দ করা হয়েছে, পর্যায়ক্রমে বাকিগুলোও জব্দ হবে। এই বাসগুলো আর চলতে পারবে না বলেও জানান তাপস।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, শুরু থেকেই ই-টিকেটিং পদ্ধতি চালু থাকবে। আমাদের বাস বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া প্রতিটি বাসের চালক ও সহযোগীদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেইসঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে। যেসব বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট আছে, সেসব বাসই কেবল এ রুটে বাস পরিচালনা করতে পারবে।

জানান, অনুমোদনহীন বাসগুলো জব্দ করে মাতুয়াইলে ডাম্পিং করা হবে। এ সময় সবার সহযোগিতা চেয়ে মেয়র আতিক বলেন, অনুমোদনহীন বাসগুলো জব্দ করে ডাম্পিং করার ফলে ধর্মঘট, হরতাল, কর্মবিরতি ডাকার মতো অসহযোগিতা কেউ করবেন না আশা করি।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানান, সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয় ২০১৫ সালে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে একটি কমিটিকে এর দায়িত্ব দেওয়া হয়। তার তিনবছর পর অবশেষে একটি রুটে এই পদ্ধতিতে বাস চলাচল শুরু করতে যাচ্ছে কমিটি।

 

শেয়ার করুন