ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত দুজন মানুষের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রনে’র সংক্রমণ ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, এসেক্সের চেমসফোর্ড এবং নটিংহামে দুজনের শরীরে নতুন করোনা ভাইরাস সনাক্ত করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি।
তিনি আরও জানান, ওই দুই ব্যক্তির দেহে নতুন ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। তারা এখন আইসোলেশনে আছেন। তাদের শরীর থেকে আর কারো শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে করোনাভাইরাসের নতুন এই রূপটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও সনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, মূলত দক্ষিণ আফ্রিকা থেকেই প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে ৭৭ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তবে ধারণা করা দেশটির সব প্রদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।
যুক্তরাজ্যও দশটি দেশকে ভ্রমণের লাল তালিকায় যুক্ত করেছে। রবিবার থেকে এসব দেশ থেকে আগতদের ১০দিনের জন্য একটি হোটেলে নির্জনবাস করতে হবে।
শুক্রবার যুক্তরাজ্য ওই তালিকায় দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনিকে যুক্ত করে। এরপর শনিবার অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই এবং জাম্বিয়াকেও সেই তালিকায় যুক্ত করার ঘোষণা দেয়।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত করোনাভাইরসের যতগুলো ভ্যারিয়েন্ট দেখা গেছে তার মধ্যে এটি সবচেয় বেশি মিউটেশন ঘটা বা পরিবর্তিত সংস্করণ। এবং এতে এতো বেশি মিউটেশন বা বিবর্তন ঘটেছে যে একজন বিজ্ঞানী একে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। আরেকজন বিজ্ঞানী বিবিসির প্রতিবেদককে বলেছেন যে, এটি তাদের দেখা করোনাভাইরাসের সবচেয়ে খারাপ রূপ।