ডেস্ক রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়া গণতান্ত্রিক অধিকার।
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
তিনি অন্তরীণ থাকায় তাঁর সুচিকিৎসার দায়িত্ব সরকারের উপর বর্তায়। প্রয়োজনে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিলম্বের কারণে অনভিপ্রেত কোন অবস্থা সৃষ্টি হলে সরকারকেই এর দায় নিতে হবে।
একই সাথে তিনি বলেন, আমাদের দেশের শাসকশ্রেণির রাজনৈতিক দলের নেতারা এবং মন্ত্রী, এমপি’রা সর্দি-কাশির চিকিৎসা নিতেও বিদেশে যান। লুটপাট ও দুর্নীতি ছাড়া গত ৫০ বছরেও স্বাস্থ্য ব্যবস্থার কোন উন্নতি বুর্জোয়া শাসকগোষ্ঠী করেনি যেখানে তাঁরা নিজেরাও চিকিৎসা নিতে পারে। এ থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্র প্রতিয়মান। দেশের স্বাস্থ্য সেবার করুণ-বেহাল এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে সকল নাগরিকের জন্য সুচিকিৎসার ব্যবস্থা সরকাকেই নিশ্চিত করার আহ্বান জানান।