ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ৬:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বরিশালের গৌরনদীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বন কর্মকর্তা। এরপর মেছো বাঘটিকে মাটি চাপা দেওয়া হয়।
ধুরিয়াল গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই গ্রামের কৃষক আতাউর রহমানের ধান ক্ষেতে সকালে মেছো বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেছো বাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় করেন। ইঁদুর মারার জন্য ওই ধানক্ষেতের চারপাশে বিদ্যুতের তারে লাগানো ছিল।
কৃষক আতাউর রহমান জানান, ইঁদুর থেকে ফসল বাঁচাতে তিনি ধানক্ষেতের চারপাশে বিদ্যুতের তার দিয়েছিলেন। ওই তারে রাতে বিদ্যুৎ সংযোগ চালু রাখেন। সকালে ধানক্ষেতে গিয়ে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মৃত মেছো বাঘটি দেখতে পান।
গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ বলেন, খাবারের খোঁজে হয়তো মেছো বাঘটি সেখানে চলে এসেছিল। ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মেছো বাঘটির মৃত্যু হয়। পরে মাটি চাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মানুষ বা গরু ছাগলের জন্য এ প্রাণী ক্ষতিকর নয়। সাপ, মাছ ও হাঁস মেছো বাঘের মূল খাবার। লোকালয়ের আশপাশের এলাকায় এর বিচরণ। জীববৈচিত্র্যের ভারসাম্যের জন্য মেছো বাঘ গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে আর যেন মৃত্যু না হয়, সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।