ডেস্ক রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মাগুরার সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনসহ মিলনায়তনগুলোর ভাড়া কমানোর দাবিতে গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, মাগুরা এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় এবং সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনের ভাড়া এক বেলা ৫০০ টাকা এবং ২ বেলা ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি আমরা জানতে পারলাম সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনের ভাড়া ২৫০০ টাকা করা হয়েছে। একবেলার জন্য যদি ভাড়া নেওয়া হয় তবুও ভাড়া ২৫০০ টাকা। এই ভাড়া মাগুরার মতো একটি জেলার জন্য অত্যাধিক। এতো ভাড়া দিয়ে অনেক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ও শিশু-কিশোর সংগঠনই কর্মসূচি পালন করতে পারবে না। ফলে জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ড গুলো বিঘ্নিত হবে। এর বাইরে আর যে দুই/তিনটি মিলনায়তন রয়েছে সেগুলোর ভাড়া আরও বেশি।
স্মারকলিপিতে বলা হয়, আমাদের প্রত্যাশা অবিলম্বে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনসহ মাগুরার মিলনায়তনগুলোর ভাড়া কমানোর উদ্যোগ নিবেন এবং জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ডগুলোকে উৎসাহিত করবেন।