ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২১, ৩:৩১ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম কমাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ২৪ ঘন্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

বুধবার রাতে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিশ্ববাজারসহ প্রতিবেশী দেশের সঙ্গে বাজার সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর আজ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহণ বন্ধের হুঁশিয়ারি দিল ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয় করার দাবিতে আগামীকাল থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, হঠাৎ করেই তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। যা খুবই অস্বাভাবিক। এ অবস্থায় বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনও সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহণ মালিকদের লোকসানের মুখে পড়তে হবে বলে জানান তিনি।

এর আগে, গতকাল বুধবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করার কথাও জানানো হয়।

শেয়ার করুন