ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক :: প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযান ‘নুরি’ উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে দিয়ে মহাকাশে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল দেশটি।
সিউল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে গোহেউং থেকে কোরিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ যান ‘নুরি’ মহাকাশে পাঠায় দেশটি। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
২০০ টন ওজনের এবং ৪৭ দশমিক ২ মিটার লম্বা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির এই মহাকাশ যান ‘নুরি’ তৈরি করতে দেশটির খরচ করতে হয়েছে ১৬০ কোটি ডলার। যদিও উত্তর কোরিয়া ২০১২ সালে মহাকাশে তাদের স্যাটেলাইট পাঠায়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেন, যানটির উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হলেও কক্ষপথে একটি ডামি স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে। তবে মহাকাশ কর্মসূচির জন্য এ ধরনের উৎক্ষেপণ অপরিহার্য বলে জানান তিনি।
কোরিয়া অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট (কারি) জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত নুরির আরো চারটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার।
প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে থাকলেও মহাকাশে নিজেদের অবস্থান এখনও শক্ত করতে পারেনি দক্ষিণ কোরিয়া। এর আগে ২০০৯ এবং ২০১০ সালে মহাকাশে রকেট পাঠালেও তা ব্যর্থ হয়।
এদিকে, উত্তর এবং দক্ষিণ কোরিয়া অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকায় সম্প্রতি উভয় দেশই পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।