ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ

দেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সারাদেশে বিভিন্ন সময় এবং শারদীয়া দুর্গাপূজার প্রাক্কাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, ধর্ষণ, মন্দির, বাড়িঘরে অগ্নি সংযোগ, ভাংচুর-লুটপাট, অব্যাহত সাম্প্রদায়িক হামলার উসকানীদাতাদের শাস্তির আওতায় আনা এবং ব্যর্থ স্বারাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ এর উদ্যোগে আজ ১৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি হুজাইফা আলামিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, টিইউসি জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, বাম গণতান্ত্রিক জোট খুলনা’র সমন্বয়ক মিজানুর রহমান বাবু, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি উত্তম রায়, হকার্স নেতা সান্ডু মিয়া, জেলা সংসদের সভাপতি সৌরভ সোমাদ্দার, সহ-সভাপতি কৃষ্ণেন্দু বাছাড়, সহ-সাধারণ সম্পাদক সবুজ হোসেন দুর্জয়, সদস্য শাইমা আলী, মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক অর্চিশ্মান দেবনাথ, বিএল কলেজ সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক তন্ময় সরকার, দৌলতপুর থানার আহ্বায়ক মোঃ সজীব খান, প্রীতিলতা ব্রিগেডের সদস্য রুমী রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, রামু-নাসিরনগর-শাল্লা থেকে শুরু করে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, চট্টোগ্রামসহ সারা দেশে অব্যাহতভাবে যে সাম্প্রদায়িক হামলা চলছে, তা একটি রাষ্ট্রীয় চক্রান্ত। একদিকে যেমন ক্রমবার্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন দুর্বিসহ, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সংকট, বেকার যুবকদের হাহাকার, ঠিক সে মুহূর্তে একটি সাম্প্রদায়িক হামলার মাধ্যমে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে ভোটবিহিন ব্যর্থ সরকারের ব্যর্থতার দায় ধামাচাপার কারণেই এই অরাজকতা। নেতৃবৃন্দ এ অরাজকতা প্রতিহত করতে হলে স্বাধীনতার মূলমন্ত্রের আদর্শ পুনঃ প্রতিষ্ঠা এবং এদেশের অসহায় নির্যাতিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তিকে একাত্ম করে একটি ঐক্যবদ্ধ গণবিপ্লবের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

শেয়ার করুন