ডেস্ক রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১১:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আইপিএল শেষে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে, টাইগারদের চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েতজার।
আল আমিরাত স্টেডিয়াম ধু ধু মরুভূমির মাঝে এক চিলতে সবুজ। দেশটা অচেনা কিন্তু কন্ডিশন ঢাকা থেকে ভিন্ন নয়। দিনের বেলায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি, রাতে ঘাসের উপর শিশিরের চাদর। এ তো যেন মিরপুর আর সাগরিকার চিরচেনা রূপ
ম্যাচে তাই কন্ডিশন নিয়ে ভাবনা কম বাংলাদেশের। স্কটল্যান্ডের সাথে লড়াইয়ের আগে দিনটা শুরু তাই হালকা জিম আর ওয়ার্ক আউটে। পিঠের ব্যথায় তিন প্রস্তুতি ম্যাচ মিস করছেন রিয়াদ। তবে বিশ্বকাপের শুরু থেকেই যে তিনি থাকছেন তা জানিয়েছেন নিজেই।
মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘যতটা সম্ভব ভালো খেলতে চাই। প্রথমে সুপার টুয়েলভে উঠতে চাই। এরপর ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে’।
ওপেনিংয়ে যে নাইম-লিটন জুটি এতদিন ছিল নিয়মিত তা ক্লিক করেনি গেল দুই প্রস্তুতি ম্যাচে। ওদিক থেকে ওয়ান ডাউনে হেসেছে সৌম্যর ব্যাট। তাই ওপেনিং নিয়ে ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট। আইপিএল শেষে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। তিন নম্বরে শেখ মেহেদীও ভাল অপশন। বোলিং ইউনিটের নেতৃত্বে এবার মুস্তাফিজ। এবং সাকিবের সাথে বাহাতি স্পিনে নাসুম হতে পারে প্রতিপক্ষের জন্য ত্রাস।
এদিকে, চতুর্থবারের মতো টি টোয়েন্টির বিশ্ব আসরে পা রেখেছে স্কটল্যান্ড। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও নামিবিয়া দুই দলের বিপক্ষে জয় পেয়েছে স্কটিশরা। দলের ১৫ সদস্যের স্কোয়াডে কেবল রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিয়ড, কাইল কোয়েতজার, জশ ডেভি, ক্রেইগ ওয়ালেসের আছে টাইগারদের সাথে টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।
স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার বলেন, বাংলাদেশ গ্রুপের ফেভারিট। আমাদের জন্য এটা সুযোগ চ্যালেঞ্জ নিয়ে টুর্নামেন্ট শুরু করার। এর আগে বাংলাদেশের সাথে একটি টি টোয়েন্টি খেলেছি। সেখানে রিচি বেয়ারিংটনের সেঞ্চুরি ছিল। আমি মনে করি বোলার হিসেবে বিশ্বকাপে সাকিব ভাল করবে। ওর উপর আমাদের নজর আছে।
বিশ্বকাপের আগে দুই প্র্যাকটিস ম্যাচে হার। দলের উপর প্রভাব পড়বে না বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। কারণ এবার যে আশা জাগিয়েই মরুর বুকে বিশ্বকাপে ঝড় তুলতে গিয়েছে টিম বাংলাদেশ।