ডেস্ক রিপোর্ট

১৩ অক্টোবর ২০২১, ১:০৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহে বিয়ের প্রস্তাব দিতে এসে কারাগারে ভুয়া এএসপি

আপডেট টাইম : অক্টোবর ১৩, ২০২১ ১:০৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ময়মনসিংহের ফুলপুরে এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে প্রতারণার অভিযোগে গ্রেফতার সোলাইমান কবির (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামাম প্রতারক সোলাইমান কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে সোলায়মান কবিরকে গ্রেফতার করা হয়। সোলাইমান কবির শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতারক সোলাইমান কবিরের পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, সোলাইমান কবির ফুলপুরের অনার্সে পড়ুয়া এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। ওই তরুণীর সঙ্গে সোলায়মান কবির নিজেকে ৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দেন। পরে ওই তরুণী সোলায়মানকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে বলেন।

তিনি আরও বলেন, সোলায়মান কবির একাই ফুলপুরে তরুণীর বাড়িতে প্রস্তাব দিতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে তরুণীর বাবা থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, গ্রেফতারের পর সোলায়মান কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি প্রতারণা করে বিয়ে করার জন্য নিজেকে এএসপি পরিচয় দিয়েছিলেন। পরে তার বিরুদ্ধে ফুলপুর থানায় প্রতারণার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন