ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৪ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা কমিটির বর্ধিত সভা থেকে গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পণ্যদ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গাজী লুৎফর রহমান, পবিত্র হালদার, জামাল হোসেন মোল্লা, শফিয়ার রহমান, স্বপন মল্লিক, মোকলেসুর রহমান, হান্নান গাজী, মোজাহার আলী প্রমুখ।
সভায় গ্যাস- চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিকালে অসংখ্য নিম্ন আয়ের মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরাও অর্থনৈতিকভাবে চরম সঙ্কটের মধ্যে রয়েছেন। এমতাবস্থায় নিত্যপণ্য মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি করলেও সরকার কঠোর পদক্ষেপ নিতে পারেন না। কখনো কখনো সরকার নিত্যপণ্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেও তা কার্যকর হয় না। কারণ এই অসাধু ব্যবসায়ীরাই রাষ্ট্র, সরকার ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। ফলে ব্যবসায়ীরা রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে জনগণের পকেট কাটছে। এতে করে মুষ্টিমেয় লুটেরা গোষ্ঠাীর ভোগবিলাসে সুবিধা হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে পণ্যদ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নতুবা ভুক্তভোগী জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। সভায় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি (মার্কসবাদী) একিভূত হওয়ার বিয়য়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।