ডেস্ক রিপোর্ট
৬ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: তিন সপ্তাহের বেশি সময় ধরে আফগানিস্তানে ক্ষমতায় তালেবান। প্রেসিডেন্ট আশরাফ গানির দেশত্যাগের পর অভিভাবকহীন আফগানদের কমেছে কাজের সুযোগ। নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক বিপর্যয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আফগানরা।
ক্ষমতার পালাবদলে অস্থিতিশীল আফগানিস্তান। রাস্তাঘাটসহ সবখানে অস্ত্র হাতে পাহারায় তালেবান।
এক তালেবান সদস্য বলেন, ২০ বছরের কঠিন জীবন পেরিয়ে এবার আমরা সুখ-শান্তি ও নিরাপত্তায় বাকিটা সময় কাটাতে চাই।
তবে স্বস্তিতে নেই দেশটির সাধারণ মানুষ। সব জায়গায় তালেবানের সশস্ত্র উপস্থিতির কারণে দোকানে বাড়ছে না বিক্রি। অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় দুর্বিষহ সময় পার করছেন তারা।
কাবুলের এক বাসিন্দা জানান, একদিকে সব কিছুর দাম বাড়ছে, অন্যদিকে আমাদের কাছে কোন কাজ নেই। এসব সমস্যার দ্রুত সমাধানে চাই আমরা।
ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকে লেনদেন শুরু হলেও তালেবানের বেঁধে দেয়া নির্দিষ্ট টাকায় জীবন ধারণ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
স্থানীয় এক মোবাইল ফোন ব্যবসায়ী জানান, ব্যাংক থেকে উঠানো ২শ’ ডলারে প্রতিদিনের চাহিদা মেটানো অসম্ভব হয়ে উঠছে। তালেবানের উচিত, সরকার গঠন করে দ্রুত সব নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, শেয়ার বাজার চালু হলেও অস্থিতিশীল পরিস্থিতে বিনিয়োগ করছে না কেউ।
আফগানিস্তানের মুদ্রা বিনিময় বাজারের প্রধান মির আফগান সাফি বলেন, ‘সবকিছু স্বাভাবিক হলে আমাদের অর্থনীতিও সচল হয়ে উঠবে। তখন অনেক দেশ বিনিয়োগও করবে।’
অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেই নিরাপত্তা শঙ্কা আরও বাড়াচ্ছে তালেবানের ফাঁকা গুলি। দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় সাধারণ নাগরিকেরা।