ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

উত্তর কোরিয়া নিয়ে একমত হতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার এক জরুরি বৈঠক করেছে। কিন্তু এই বিষয়ে তারা একটি যৌথ বিবৃতি দিতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

রুদ্ধদ্বার বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে যা একটি বিরল উদ্যোগ। কিন্তু রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৈঠকের লক্ষ্য ছিল চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার হাইপারসনিক গ্লাইডিং যান উৎক্ষেপণের বিষয়টি পরীক্ষা করা। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি একটি নতুন বিমানবিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

ফ্রান্সের একজন কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ফ্রান্স একটি প্রকাশ্য বিবৃতি চেয়েছিল, কিন্তু রাশিয়া ও চীন বলেছে যে এখনও সময় হয়নি, পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য তাদের আরো সময় প্রয়োজন’।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়া পরমাণু বোমা এবং সংশ্লিষ্ট প্রচলিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তিনবার দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। সেবার কোনো বিরোধীতা করেনি চীন বা রাশিয়া।

কিন্তু এরপর থেকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিষয়ে একটি সাধারণ অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

বেশ কয়েকবার চীন এবং রাশিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ার জন্য অনুরোধও করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের আট মাস পরেও তার প্রসাশন উত্তর কোরিয়ার ব্যাপারে স্পষ্ট কোনো কৌশল ঘোষণা করেনি।

নিরাপত্তা পরিষদের এক সদস্য রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেন, ‘তারা আমাদের জানায় যে, তারা এখনও এই বিষয়ে গবেষণা করছে’।

ওই কূটনীতিক অভিযোগ করেন যে, অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও মার্কিন পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে, যেমন, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা সাহারা।

শেয়ার করুন