ডেস্ক রিপোর্ট
২ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও করোনাকালে বেতন-ফি মওকুফের দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, অর্থ বিষয়ক সম্পাদক মুক্তা বাড়ৈ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়।
সমাবেশে বক্তারা বলেন, “এত লম্বা সময় একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান একটানা বন্ধ আছে, এরকম দেশের মধ্যে বংলাদেশ দ্বিতীয়। সরকার এতদিন ধরে বলে আসছে তারা করোনা সংক্রমণের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, কিন্তু আসলে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনলেই স্পষ্ট হয়ে যায়, তারা করোনার ভয়ে নয়, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আন্দোলনের ভয়েই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এভাবে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে জিম্মি করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চাওয়ার ফল ভালো হবে না। শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দিয়ে ক্যাম্পাস খোলা হবে বলা হচ্ছে, অথচ ভ্যাকসিন ছাড়াই হল খোলা ছাড়াই পরীক্ষার ঘোষণা আসছে। কোন প্রকার বেতন ফি মওকুফ করা হয়নি, শিক্ষার্থীরা দুর দুরান্ত থেকে আসছে সেটা পরিশোধ করার জন্য। এটা ছাত্র সমাজ মেনে নেবে না।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বিশৃংখলা হতে পারে, এই খবর ওবায়দুল কাদের আইন শৃংখলা বাহিনীকে জানাননি। তিনি জানিয়েছেন সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগকে। ‘ইকুইপড’ থাকতে বলেছেন। এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। আগামী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আন্ত মন্ত্রণালয় সভা আছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা না আসলে আমরা ছাত্র সমাজ ও অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবো।