ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ২:৪০ অপরাহ্ণ
Shakib Al Hasan
অধিকার ডেস্ক:: তিনদিনের কোয়ারেন্টাইন শেষে গতকাল (শুক্রবার) অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ সদস্যের ঘোষিত দলে বাকিরা থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। একদিন পর আজ (শনিবার) অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। বাকি ৪টি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। এই সিরিজের জন্য গত ২৪ আগস্ট জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। তিনদিনের কোয়ারেন্টাইনের পর ২৭ আগস্ট অনুশীলন শুরু করে। তবে সাকিব যুক্তরাষ্ট্র থেকে একদিন পর দেশে ফিরে কোয়ারেন্টাইন শুরু করেন। এজন্য তার কোয়ারেন্টাইন পর্ব শেষ হয় ২৭ আগস্ট।
কোয়ারেন্টাইন শেষে আজই নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে মিরপুরে হাজির টাইগার অলরাউন্ডার। বেলা দুইটায় শুরু হয়ে সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদদের অনুশীলন চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে সকালে নিজেদের অনুশীলন পর্ব শেষ করেছে সফরকারীরা। সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুপুর ১টা পর্যন্ত ব্যাট-বলে অনুশীলন প্রস্তুত করেন টম লাথামরা।
বাংলাদেশের ১৯ সদস্যের দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।