ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বরিশাল বিভাগে আবারো বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। আগস্টের শুরুতেই বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল পর্যন্ত বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩১ জন মারা গেছেন। এটা বরিশাল বিভাগে মৃত্যু’র নতুন রেকর্ড।
এর মধ্যে ১৩ জন করোনা পজিটিভ ও ১৮ জন উপসর্গ নিয়ে মারা যান।
একই সময় গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ১৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৯৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় রবিবার সকাল পর্যন্ত করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১ হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ৩৭ দশমিক ৩১ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল বিভাগে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। আগস্টের শুরুতেও তা অব্যাহত আছে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন।