ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ক্রাইম-থ্রিলার ঘরানার টেলিছবি ‘দ্য মাস্টারমাইন্ড- ধোঁকা’। গুলশান হাবিব রাজীবের রচনা থেকে পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
টেলিছবিটির অন্যতম চরিত্র ডিবি কর্মকর্তা হামিদের ভূমিকায় দেখা যাবে সালাহ্উদ্দিন লাভলুকে। সঙ্গে আছেন অর্ষা।
যৌনপল্লিতে পরীবানু নামের একজন খুন হয়। উধাও হয়ে যায় তার রুমের সব জিনিস। এই মেয়ের ওড়নায় জুয়েলারির দোকানের দামি গয়না ও হিরার আংটির কাগজ পাওয়া যায়। তার কাছে দামি জুয়েলারি এলো কীভাবে? বিষয়টি সন্দেহজনক মনে হয় পুলিশের।
ডিবি পুলিশ অফিসার তদন্ত করে জানতে পারেন, দামি হিরার আংটিটি নাবিল চৌধুরী নামে এক ধনী ব্যবসায়ীর।
খোঁজ পান এক মাস্টারমাইন্ডের। চাঞ্চল্যকর হত্যার রহস্য তদন্ত করতে গিয়ে উদ্ঘাটিত হয়, এক বছর আগের এক অপরাধের গল্প।
‘দ্য মাস্টারমাইন্ড- ধোঁকা’ প্রসঙ্গে পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, “থ্রিলারধর্মী এই টেলিফিল্মে একটা অপরাধের গল্প সামনে আসবে। আমি মনে করি, চমৎকার এই কাহিনিটি এবারের ঈদ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করবে। আর এখানে নির্মাতা সালাহ্উদ্দিন লাভলুর ক্যারিশমাটিক অভিনয় তো থাকছেই। ”
আরও অভিনয় করেছেন দীপক সুমন, হিন্দোল রায়, শামান্তা, রূপকথা, সূচনা, পথিক সোহেল, হৃদি প্রমুখ।
বাংলাভিশনে মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘দ্য মাস্টারমাইন্ড- ধোঁকা’।