ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ

স্কুলশিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণির শিক্ষার্থীকে ডেকে নিয়ে আটকে রেখে কথিত প্রেমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দিতে থানায় আসেননি বলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক আনিচুর রহমান জানান।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার জানায়, ঘটনার দিন বিকালে ওই শিক্ষার্থীকে তার প্রেমিক মাসুম (২৭) কথা আছে বলে মোবাইলে ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে একই এলাকার একটি টিনশেড ভবনের একটি কক্ষে নিয়ে জোর করে ধর্ষণ করে। সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর শিক্ষার্থীর পরিবার থানায় অভিযোগ দিতে চাইলে স্থানীয় প্রভাবশালী একটি মহল ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ওই পরিবারকে চাপ সৃষ্টি করছে বলেও ওই শিক্ষার্থীর মা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তারা প্রভাবশালীদের ভয়ে থানায় অভিযোগ দিতে পারছেন না বলে জানান।

এ ব্যাপারে পরিদর্শক আনিচুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনাটি কেউ আমাদের জানাননি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন