ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ১২:২৭ পূর্বাহ্ণ

সকলের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি স্কপের

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ – স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সকল শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ২ টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানানো হয়।

স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সাবেক সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের যুগ্ম সম্পাদক সরদার খোরশেদ।

নেতৃবৃন্দ বলেন, অতীত অভিজ্ঞতায় আমরা বহু তদন্ত কমিটি গঠন হতে দেখেছি যার রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমারা প্রত্যাশা করেছিলাম যে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বগ্রহণযেগ্য ব্যাক্তি / প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত কমিটি করবে। সেই লক্ষ্যে স্কপ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। অথচ অতীতের বহু দুর্ঘটনার জন্য যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে সরকার সেই ধরনের বিতর্কিত ব্যক্তি/ প্রতিষ্ঠান কে নিয়ে কলকারখানা পরিদর্শনের বহু পক্ষিয় জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বলে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি। যারা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার শিকার তাদের কোন প্রতিনিধি প্রস্তাবিত কমিটিতে রাখা হয়নি।

নেতৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করতে চাই সেজান জুসের ঘটনায় কর্মক্ষেত্রে শ্রমিক হত্যার শেষ ঘটনা হবে। সেই লক্ষ্য অর্জনের জন্যই সরকার দায়ীদের চিহ্নিত করে শাস্তি এবং আইনের ক্ষতিপুরণ ও শাস্তি সংশ্লিষ্ট ধারাসমূহের সংশোধন নিশ্চিত করবে।

নেতৃবৃন্দ, সেজান জুস কারখানায় কাঠামোগত হত্যার জন্য দায়ীদের বিচারকে আড়াল করতে আই ওয়াস বা বিভ্রান্তি সৃষ্টি করার কোন প্রচেষ্টা সহ্য করা হবেনা বলে সাবধান বাণী উচ্চারণ করেন। অগ্নিকান্ডে শ্রমিক নিহতের জন্য দায়ী কারখানা কর্তৃপক্ষ ও দায়িত্ব অবহেলাকারী সরকারি কর্মকর্তাদের শাস্তি, নিহত-নিখোঁজ শ্রমিক পরিবার প্রতি আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা-ক্ষতিপূরণ-পুনর্বাসন, শ্রম আইনের সংশোধন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে স্কপের চলমান আন্দোলন বেগবান করতে সভা থেকে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়-

১) স্কপ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির খসড়া রিপোর্ট ও সুপারিশ চূড়ান্তকরণে প্রখ্যাত আইনজীবী, বিশিষ্ট নাগরিক এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা ইস্যু সংশ্লিষ্ট শ্রমিক অধিকার সংগঠন সমুহের সাথে অনলাইন মতবিনিময় সভা ৩০ জুলাই ২০২১, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

২) সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের তদন্ত, রিপোর্ট প্রকাশ, দায়ীদের চিহ্নিত করণ ও বিচার প্রক্রিয়ায় কোন ধরণের ঢিলেমি না করার দাবিতে ৯ আগষ্ট ২০২১, সোমবার, সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ এবং বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে নাগরিক সমাবেশ।

৩) করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে সংবাদ সম্মেলন, DIFE, FIRE SERVICE, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কারখানার নিরাপত্তা সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান / ঘেড়াও কর্মসূচিসহ ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি ঘেষণা করা হবে।

শেয়ার করুন