ডেস্ক রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢালিউড কুইন অপু বিশ্বাসের। গেলো মাস থেকে বিনোদন জগতের আলোচনায় ছিলেন অপু, তাপস ও মুন্নি ইস্যু। এই ইস্যু সমাধানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যেতে হয়েছিল তাকে। সব ঝামেলা শেষে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অপু।
মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।
সেখানে তিনি বলেছেন, ‘আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে। এটা ঠিক আছে। এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি। তাই ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলা শিখুন, কিন্তু আপনি যা ভালো কাজ করছেন সেটা কাউকে বন্ধ করতে দেবেন না।’
এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলতি বছর তিনি প্রথমবার ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। সৈয়দ শাকিল পরিচালিত ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।