ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ৪:৫২ অপরাহ্ণ

টি-টোয়েন্টিতে থাকবেন না তামিম, টেস্টে সংশয়

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বুধবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই ম্যাচে দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিয়ে এখনো সংশয় থেকেই গেছে। পুরনো হাঁটুর চোট আবারো ফিরে এসেছে বলে এই ম্যাচে অনেকটাই অনিশ্চিত এই টাইগার ওপেনার।

টেস্টে অনিশ্চিত থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না তামিম। শুধু এই সিরিজই নয়, আগস্ট–সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টির হোম সিরিজেও খেলবেন না টাইগার এই অধিনায়ক।

তামিমের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, তামিমের চোট এমন কিছু নয় যে অস্ত্রোপচার করাতে হবে। কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ব্যথা কমার ওপরই নির্ভর করছে সবকিছু।’ কাজেই আপাতত বিশ্রামই একমাত্র ‘চিকিৎসা’ তামিমের। আর ব্যথা নিয়েও খেলা চালিয়ে গেলে চোটের মাত্রা বেড়ে যেতে পারে এবং প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের। তখন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তামিমকে।

অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংকে হাঁটুর স্ক্যান রিপোর্ট পাঠিয়েছিলেন তামিম। রিপোর্ট দেখে তার পরামর্শ, এখনই ১০-১২ সপ্তাহের বিশ্রামে যাওয়া উচিত তামিমের। এমনকি জিম্বাবুয়ে সিরিজও না খেলার পরামর্শ দিয়েছেন ইয়াং।

বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে থেকে ফিরেই দুই-আড়াই মাসের বিশ্রামে চলে যাবেন তামিম ইকবাল। যে কারণে তিনটি টি-টোয়েন্টি সিরিজ তাকে মিস করতে হচ্ছে।

তামিমের না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। কারণ তামিম ছাড়া দলের আর কোন ওপেনারই দলে থিতু নন। টেস্টে সর্বশেষ ৫ ইনিংসের চারটিতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। যার মধ্যে দুটি ইনিংস থেমেছে ৯০ এর ঘরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১১ ইনিংসে ৪২ গড়ে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৪৬৩ রান।

দলে অন্য যাঁদের চোট ছিল, তারা অবশ্য সেসব কাটিয়ে উঠেছেন। মুশফিকের চোট নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় প্রস্তুতি ম্যাচে বোলিং না করা তাইজুল ইসলামও এখন ঝুঁকিমুক্ত।

শেয়ার করুন