ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ৪:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৭ রানে জিতে স্বস্তি ফিরেছে ফরচুল বরিশালের শিবিরে। শেষ ভরসা হয়ে টিকে থাকা মুশফিকুর রহিম পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ১৯ নম্বর ওভারে বল করতে এসে মেহেদি হাসান রানা নিয়েছেন তিন উইকেট, পুরো ম্যাচে চারটি। মুশফিক করেছেন ৪০ রান।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইলের ৪৫ রানের ইনিংসে ভর করে ফরচুন বরিশাল তাদের স্কোরবোর্ডে তুলে ১৪১ রান। দলের রান যেভাবে এগোচ্ছিলো, তাতে রানটা আরও বড় হতেই পারতো। কিন্তু শেষ ৫ ওভারে বরিশালের ব্যাটসম্যানরা নিতে পেরেছে মাত্র একটিই বাউন্ডারি। খুলনা টাইগার্সের হয়ে থিসারা পেরেরা এবং ফরহাদ রেজা নিয়েছেন দুইটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই আন্দ্রে ফ্লেচারের বাউন্ডারি দেখাচ্ছিলো আশা। কিন্তু মুজিব উর রহমানের ঘূর্ণিতে প্রথম ওভারেই টানা দুই বলে প্যাভিলিয়নে ফ্লেচার-সৌম্য সরকার। এরপর বোলিং করতে এসে ১৭ রান করা মাহেদি হাসানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন সাকিব আল হাসান। ১৪ রান করে লিনটটের বলে প্যাভিলিয়নে আরেক সেট হওয়া ব্যাটসম্যান রনি তালুকদার।
পঞ্চাশ করতে না করতেই নেই চার উইকেট; সেখান থেকে মুশফিকুর রহিম-ইয়াসির আলীর ৪৬ রানের জুটি! মেহেদি রানার বলে বোল্ড হওয়ার আগে ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ২৩ রান। থিসারা পেরেরা এসেও পারেননি থিতু হতে, ৯ বলে ১৯ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। শেষ ভরসা হয়ে পিচে থাকা মুশফিকুর রহিম দলের শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ৪০ রানে।