ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে উত্তেজনার কমতি নেই ক্রিকেট বিশ্বে। বিশেষ করে ভারত এবং নিউজিল্যান্ডে। কারণ, এ দুটি দলই প্রতিযোগী। তবে ফাইনাল মাঠে গড়ানোর আগেই একাদশ ঘোষণা করে ফেলেছে ভারত।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা মাঠে নামবেন, জানিয়ে দিল টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম একাদশ ঘোষণা করা হয়।
আগেই ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। সেখান থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, ব্যাটসম্যান হনুমা বিহারী এবং দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
সাউদাম্পটনের উইকেটে ঘাস থাকলেও একসঙ্গে দুই স্পিনারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সেরা একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজাও।
পেস বোলিং বিভাগে অভিজ্ঞ ইশান্ত শর্মার উপরেই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ সিরাজকে খেলানো হতে পারে বলে গুঞ্জন শোনা গেলেও, শেষমেশ তেমন কিছু চোখে পড়েনি। ইশান্ত নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচেও দুরন্ত বোলিং করেন। এ কারণে তাকেই সুযোগ দিল ভারত।
রোহিতের সঙ্গে শুভমান গিলের ওপেন করা কার্যত নিশ্চিতই ছিল। পূজারা, কোহলি, রাহানে ও রিশাভ পান্তের জায়গা নিয়ে কোনও প্রশ্নই ছিল না। বোলিং বিভাগে বুমরাহ এবং শামি ছিলেন অটোমেটিক চয়েজ।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।