ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে বাড়ির পাশে ডোবায় গোসলে নেমে তাদের মৃত্যু হয়।
তারা হলো বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বলদিয়া গ্রামের রফিকুল ইসলাম-গোলেনুর দম্পতির মেয়ে শেফালী (৫), রফিকুলের ভাগনি ও সাদ্দাম হোসেন-আকলিমা দম্পতির মেয়ে সাদিয়া (৬) এবং রফিকুলের ভাতিজি (চাচাতো ভাইয়ের মেয়ে) জহুরুল ইসলাম-লিপি দম্পতির মেয়ে জেসমিন (৪)। এদের সবার বাড়ি একই স্থানে।
স্বজনদের বরাত দিয়ে বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, পরিবারের অজান্তে দুপুরে বাড়ির পাশের ডোবায় গোসল করতে নামে তিন শিশু। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এ সময় পানিতে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। কিন্তু ততক্ষণে তিন শিশুই নিথর ও প্রাণহীন।
চেয়ারম্যান মোখলেছুর রহমান আরও বলেন, মর্মান্তিক এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন শিশুর দাফনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিন হাজার টাকা দেওয়া হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।