ডেস্ক রিপোর্ট
২৮ মে ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করে জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলার সাধারণ শিক্ষার্থীরা।
দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হলেও খোলা রাখা হয়েছে শপিংমল, মার্কেট, অফিসসহ গণপরিবহন। এজন্য তারাও ফিরতে চায় তাদের ক্যাম্পাসে এমনটিই জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ মে) জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীরা। আয়োজিত সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের’ পক্ষে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমান। আগামী (১লা জুন) মঙ্গলবার সকাল ১১টায় শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
এসময় লিখিত বক্তব্যে বলা হয়, ‘এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেশনজটে পরেছে শিক্ষার্থীরা। এসময় তাদের মানসিকভাবে বিপর্যস্ত হয়েও পরতে হয়েছে। অনেক শিক্ষার্থীর চাকরি ও টিউশনও নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার পেছনে শিক্ষামন্ত্রী করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনের অপর্যাপ্ততাকে দায়ী করেছেন। অথচ কল-কারখানা, অফিস, শিল্প প্রতিষ্ঠান; এমনকি গণপরিবহন কোনো কিছুই বন্ধ নেই। এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে কেবল শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে, ভ্যাকসিন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার জন্য দায়ী সরকারি নীতি-নির্ধারক ও তাদের কর্পোরেট প্রতিষ্ঠান।’
‘এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঝরে পরেছেন অনেক শিক্ষার্থী। আবার অনেক ছাত্রীর বাল্যবিবাহও হয়েছে। মানসিক ও অর্থনৈতিক চিন্তায় অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন এমনটিই দাবি শিক্ষার্থীদের। তারা বলছেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার।’
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদ ইসলাম, আক্কেলপুর এম আর কলেজের শিক্ষার্থী তাসরিন সুলতানা, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ।