ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ৩:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে ছুটি বাড়ানোর দাবিতে হামীম গ্রুপের শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৯ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় তিন দিনের পরিবর্তে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
আহত শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘আমাদের এক পোশাক শ্রমিক অফিসকক্ষে গিয়ে মালিক পক্ষের সঙ্গে ঈদের ছুটির বিষয়ে কথা বলেন। তিনি আমাদের পক্ষ থেকে ১০ দিনের ছুটি চান। মালিকপক্ষ থেকে সাতদিনের ছুটি মঞ্জুর করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর তিনি বের হলে পুলিশ এসে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়।’
তিনি জানান, পরে শ্রমিকরা জড়ো হয়ে তাকে আঘাতের কারণ জানতে চান। এসময় কোনোকিছু বুঝে ওঠার আগে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় একটি হাসপাতাল প্রাথমিক দিয়ে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে।
আহতরা হলেন- শ্রমিক মিজানুর রহমান (২৪), হাসান (২৬), রুবেল (২২), জাহিদ হোসেন (২৫), রনি (২৪), মামুন (২৬), সোহেল (২২), রুবেল হোসেন (২৪), ইমরান হোসেন (২৪)। তারা সবাই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকালে তাদের কর্মস্থলে এসে যোগদান করেন। পরে মালিক পক্ষ থেকে তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বাহির হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ।